সংযুক্ত আরব আমিরাতের পর এবার কুয়েতের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, কুয়েতের আল আদিরি বিমানঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
রোববার (৮ মার্চ) ইরানের সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সির বরাতে এ তথ্য প্রকাশ করেছে আল জাজিরা। আইআরজিসির দাবি অনুযায়ী, হামলায় বিমানঘাঁটির ভেতরে থাকা মার্কিন হেলিকপ্টার মেরামত কেন্দ্র, বড় জ্বালানি ট্যাংক এবং গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টার ধ্বংস হয়ে গেছে।
এর আগে কুয়েতের সামরিক বাহিনী জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সংকেত শনাক্ত করেছে এবং তা প্রতিহত করার চেষ্টা চালানো হয়েছে। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ফারস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর ঘাঁটির ভেতরে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে এবং সেখান থেকে ঘন কালো ধোঁয়া আকাশে উঠতে দেখা যাচ্ছে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে কুয়েতের এই সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিভিন্ন স্থাপনায় যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইরানও পাল্টা হামলা শুরু করে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন স্বার্থ-সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে বলে জানা গেছে।