রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে বাড়ি থেকে বের হচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাড়ির দরজা খোলার সঙ্গে সঙ্গে তিনি উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে মুচকি হেসে তিনটি শব্দ বলেন—“চলেন যুদ্ধে যাই।”
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৮টা ৪২ মিনিটে গুলশানের বাড়ি থেকে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। তার ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা সদস্যরা প্রস্তুত ছিলেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে এই চমকপ্রদ মন্তব্যে উপস্থিতরা কিছুটা হতচকিত হলেও মুহূর্তের মধ্যে বুঝতে পারেন, প্রধানমন্ত্রী দেশ পরিচালনাকে একটি ‘যুদ্ধ’ হিসেবে দেখেন।
রুমন আরও জানান, সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে প্রবেশের পর প্রধানমন্ত্রী সারাদিনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেছেন। এর মধ্যে ছিল শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠক। এছাড়া তার আরও কিছু গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে।
প্রধানমন্ত্রীর এই তিন শব্দের মন্তব্যে প্রতিদিনের দেশ পরিচালনায় তার কঠোর পরিশ্রম ও সংকল্প ফুটে উঠেছে।