মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব পড়ে রাজধানীর বাজারে বোতলজাত সয়াবিন তেলের চাহিদা বেড়ে গেছে। অনেক ভোক্তা দাম বাড়ার আশঙ্কায় প্রয়োজনের তুলনায় বেশি তেল কিনতে শুরু করেছেন। এতে শহরের বিভিন্ন এলাকায় তেলের সরবরাহ কমে গেছে।
শেওড়াপাড়া, মোহাম্মদপুর, বাড্ডা, শাহজাদপুর, দক্ষিণ বনশ্রী ও মেরাদিয়া বাজারসহ বেশিরভাগ দোকানে পাঁচ লিটারের বোতল তেল মিলছে না। কোথাও সীমিত পরিমাণে এক বা দুই লিটারের বোতল পাওয়া গেলেও বেশিরভাগ দোকানে সেটিও শেষ। শেওড়াপাড়ার বাসিন্দা মিজানুর রহমান বলেন, দুই লিটারের বোতল নিতে গিয়ে শেষ পর্যন্ত পাঁচ লিটারের বোতল কিনতে হয়েছে।
মোহাম্মদপুরের কৃষি মার্কেটের ব্যবসায়ী হুমায়ুন কবির জানান, স্বাভাবিক সময়ে তিনি দিনে ৮-১০ কার্টন তেল নিতেন। কিন্তু গত কয়েক দিনে তা কমে দুই-তিন কার্টনে নেমেছে। ফলে বাজারে সরবরাহে চাপ তৈরি হয়েছে।
বিক্রেতারা বলছেন, তেল সরবরাহ কমেছে কিছু কোম্পানির এলসি সংক্রান্ত জটিলতা ও রমজানকে সামনে রেখে চাহিদা বেড়ে যাওয়ার কারণে। খোলা সয়াবিন তেলের দাম কেজিতে ১৯৮-২০০ টাকা এবং খোলা পাম তেলের দাম কেজিতে প্রায় ১৭০ টাকা পৌঁছেছে।
ফ্রেশ ব্র্যান্ডের সয়াবিন তেল উৎপাদনকারী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ জানিয়েছে, তারা নিয়মিত সরবরাহ নিশ্চিত করছে এবং উৎপাদনে কোনো ঘাটতি নেই। সিটি গ্রুপের বিশ্বজিৎ সাহা জানান, বাজারে চাপ কিছু মানুষের মজুদের কারণে বাড়ছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহ্মেদ জানিয়েছেন, বাজারে সরবরাহ-সংকট বিষয়টি খতিয়ে দেখা হবে।