ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি দাবি করেছেন, সাম্প্রতিক সংঘাতে কয়েকজন মার্কিন সেনা ইরানের হাতে বন্দি হয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যতই সত্য গোপন করার চেষ্টা করুক, এটি দীর্ঘদিন আড়াল রাখা সম্ভব হবে না।
লারিজানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, “আমাকে জানানো হয়েছে, কয়েকজন মার্কিন সৈন্য আটক করা হয়েছে। যুক্তরাষ্ট্র দাবি করছে তারা যুদ্ধে নিহত হয়েছেন। কিন্তু সত্য খুব বেশি দিন আড়াল থাকবে না।” তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার জবাবে ইরান পাল্টা সামরিক পদক্ষেপ নিয়েছে।
একই সময়ে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’ এর ২৭তম দফা হামলা চালিয়েছে। এতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে।
আইআরজিসি জানিয়েছে, তাদের মহাকাশ বিভাগ নতুন ধরনের কঠিন জ্বালানিচালিত ‘খেইবার-শেকান’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হাইফা শহরের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এছাড়া ড্রোন ইউনিট মেরিনা অঞ্চলে মার্কিন সেনা অবস্থানকেও লক্ষ্য করেছে। নৌবাহিনী বাহরাইনের সালমান বন্দরের মার্কিন সামরিক স্থাপনাতেও হামলা চালিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইরানের হামলার পর অধিকৃত অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজছে এবং জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে।