ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাত্রা বেড়ে যাওয়ার পর দেশটি তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে। তবে অর্থনৈতিক চাপের মধ্যে থাকা ইরান কতদিন এই যুদ্ধ চালিয়ে নিতে পারবে—এই প্রশ্নের জবাব দিয়েছেন ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)-এর এক কর্মকর্তা। তিনি জানিয়েছেন, ইরান বর্তমান আকার ও মাত্রার যুদ্ধ অন্তত ছয় মাস পর্যন্ত পরিচালনা করতে সক্ষম।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি-এর বরাতে আইআরজিসির মুখপাত্র আলি মোহাম্মদ নাইনি বলেছেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান গতির এই তীব্র যুদ্ধ অন্তত ছয় মাস চালিয়ে যেতে সক্ষম।”
আইআরজিসির এ বক্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর মূল্যায়নের বিপরীত। ট্রাম্প বারবার দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অত্যন্ত সফল হয়েছে। চলতি সপ্তাহে তিনি বলেন, “আমরা এই যুদ্ধে বড় ব্যবধানে জিতছি। আমরা তাদের পুরো ‘শয়তানি সাম্রাজ্য’ গুঁড়িয়ে দিয়েছি।” তবে পরবর্তীতে ট্রাম্প সাংবাদিকদের জানান, যুদ্ধ কিছুদিন চলবে, কিন্তু বিস্তারিত প্রকাশ করেননি।