প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঝিনাইদহে যুবক নিহতের জেরে পাম্প ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগ

ফিলিং স্টেশন ভাঙচুর ও তিন বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ মার্চ, ২০২৬

ঝিনাইদহ শহরে পেট্রোল পাম্পের কর্মচারীদের মারধরে এক যুবক নিহতের ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা একটি ফিলিং স্টেশনে ভাঙচুর চালায় এবং বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দেয়।

শনিবার (৭ মার্চ) গভীর রাতে শহরের আরাপপুর এলাকার সৃজনী ফিলিং স্টেশন-এ ভাঙচুরের ঘটনা ঘটে। একই রাতে কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে অগ্নিসংযোগ করা হয়। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নিহত নিরব হোসেন কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার বাদুরগাছা গ্রামের বাসিন্দা এবং আলীমুর বিশ্বাসের ছেলে। তিনি ঝিনাইদহ শহরের সরকারি বালক বিদ্যালয়ের পাশে একটি ফাস্টফুডের দোকান পরিচালনা করতেন। এছাড়া তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় সদস্য ছিলেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত প্রায় ৩টার দিকে বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসগুলোতে আগুন লাগার খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে বলে জানানো হয়েছে।

এর আগে রাত প্রায় ১টার দিকে বিক্ষুব্ধ জনতা আরাপপুর এলাকায় অবস্থিত সৃজনী ফিলিং স্টেশনে হামলা চালিয়ে ভাঙচুর করে।

নিহত নিরবের খালাতো ভাই সোহেল হোসেন অভিযোগ করেন, মোটরসাইকেলের তেল নিতে গিয়ে পাম্পের কর্মীদের সঙ্গে সামান্য কথাকাটাকাটির জেরে লাঠিসোঁটা দিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

অন্যদিকে সৃজনী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার আলামিন শেখ জানান, শনিবার মধ্যরাতে ২০ থেকে ৩০ জনের একটি অজ্ঞাতনামা দল পাম্পে হামলা চালিয়ে তিনটি মেশিন ভাঙচুর করে।

এ বিষয়ে মাহফুজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ঝিনাইদহ সদর সার্কেল), বলেন—বাস টার্মিনালে তিনটি বাসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে এবং সৃজনী ফিলিং স্টেশনেও ভাঙচুর চালানো হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, শনিবার রাত প্রায় ৮টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশন-এ তেল নেওয়া নিয়ে পাম্পকর্মীদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে মারধরের শিকার হন নিরব। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা