ঝিনাইদহ শহরে একটি পেট্রোল পাম্পে তেল নেওয়া নিয়ে বাকবিতণ্ডার জেরে কর্মচারীদের মারধরে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশন-এ এ ঘটনা ঘটে।
নিহত নিরব হোসেন কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার বাদুরগাছা গ্রামের বাসিন্দা এবং আলীমুর বিশ্বাসের ছেলে। তিনি ঝিনাইদহ শহরের সরকারি বালক বিদ্যালয়ের পাশে একটি ফাস্টফুডের দোকান পরিচালনা করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরও একজন সক্রিয় সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, শনিবার রাতে নিরব বোতলে করে তেল নিতে ওই পাম্পে গেলে কর্মচারীরা তা দিতে অস্বীকৃতি জানায়। পরে তিনি পাশের একটি পাম্প থেকে তেল সংগ্রহ করেন। ফেরার পথে তাজ ফিলিং স্টেশনে অন্য একজনকে বোতলে তেল দেওয়া হচ্ছে দেখে তিনি প্রতিবাদ করলে কর্মচারীদের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়।
এক পর্যায়ে পাম্পের কয়েকজন কর্মচারী লাঠি দিয়ে তাকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মাহফুজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জানান—ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।