প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইরানের টার্গেটে এবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ মার্চ, ২০২৬

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস  (আইআরজিসি) দাবি করেছে, তারা ‘অপারেশন ট্রু প্রমিজ–৪’-এর ২৭তম দফা হামলা চালিয়েছে। এতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। খবর দিয়েছে প্রেস টিভি।

শনিবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, সমন্বিত এ অভিযানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ইসরায়েলের অধিকৃত উত্তরাঞ্চলের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়।

আইআরজিসি আরও জানায়, তাদের মহাকাশ বিভাগ নতুন ধরনের কঠিন জ্বালানিচালিত খেইবার-শেকান ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হাইফা শহরের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এই ক্ষেপণাস্ত্রে উন্নত লক্ষ্যভেদী নির্দেশনা ব্যবস্থা রয়েছে বলেও দাবি করা হয়।

এ ছাড়া ড্রোন ইউনিট যুক্তরাষ্ট্রের সেনা অবস্থান করা একটি ঘাঁটিতেও হামলা চালিয়েছে বলে আইআরজিসি জানিয়েছে। তাদের দাবি, ‘মেরিনা’ নামের একটি এলাকায় মার্কিন বাহিনীর অবস্থানে ড্রোন হামলা করা হয়েছে।

সংস্থাটি আরও দাবি করেছে, তাদের নৌবাহিনী বাহরাইন-এ অবস্থানরত ইউনাইটেড স্টেটস ফিফথ ফ্লিট-এর সঙ্গে সংশ্লিষ্ট কিছু স্থাপনাকেও লক্ষ্য করেছে। এর মধ্যে সালমান বন্দর এলাকায় মার্কিন বাহিনীর সামরিক সহায়তা স্থাপনায় হামলার কথাও বলা হয়েছে।

আইআরজিসির মতে, ইরানের হামলার পর ইসরায়েল-অধিকৃত অঞ্চলে বারবার সতর্কতামূলক সাইরেন বেজে উঠছে এবং সেখানে জরুরি পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান ‘অপারেশন ট্রু প্রমিজ–৪’ শুরু করে। এরপর থেকে ইরানি বাহিনী ও তাদের মিত্ররা বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে বলে দাবি করা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা