মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্রতর করে বাহরাইনের রাজধানী মানামায় ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। শনিবার (৭ মার্চ) এই হামলায় রাজধানীর বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একাধিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাহরাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার খবর নিশ্চিত করেছে। বাহরাইন সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, “ইরানি আগ্রাসনের” ফলে একটি বড় ভবনে আগুন ধরে যায় এবং আশেপাশের অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বাহিনী।
অন্যদিকে, ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভোল্যুশনারি গার্ডস কোর (IRGC) এই হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ‘জুফাইর’ লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
বিপ্লবী গার্ডদের পক্ষ থেকে জানানো হয়েছে, এর আগে বাহরাইনের ওই ঘাঁটি থেকে ইরানের একটি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টে হামলা চালানো হয়েছিল। সেই ঘটনার তাৎক্ষণিক প্রতিশোধ হিসেবে ক্ষেপণাস্ত্র ও অন্যান্য বিধ্বংসী অস্ত্র ব্যবহার করে এই অভিযান চালানো হয়েছে বলে দাবি তেহরানের।
মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে কেন্দ্র করে ইরান ও বাহরাইনের মধ্যে এই সংঘাত ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে সংকটের মুখে ঠেলে দিল।