টাঙ্গাইলের সখীপুর উপজেলায় পাগলা শেয়ালের কামড়ে জাহানারা (৫৫) নামে এক নারী ও ইসরাফিল (১৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
আজ শনিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার আড়াইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত জাহানারা আড়াইপাড়া গ্রামের আব্দুল বারেকের স্ত্রী এবং ইসরাফিল একই গ্রামের শফিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাহানারা আড়াইপাড়া গ্রাম থেকে ডাকাতিয়া বিন্নরীপাড়া এলাকার একটি মসজিদে তারাবির নামাজ পড়তে যাচ্ছিলেন। ওই মসজিদে নারীদের জন্য তারাবির নামাজের ব্যবস্থা রয়েছে। পথে হঠাৎ একটি পাগলা শেয়াল তাকে আক্রমণ করে এবং কামড়ে গুরুতর আহত করে। এর আগে একই শেয়াল ইসরাফিল নামের এক যুবকের পায়েও কামড় দেয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার আমিনুল ইসলাম জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে জাহানারার অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এ ঘটনায় আড়াইপাড়া গ্রামের বাসিন্দা রাজু মিয়া বলেন, হঠাৎ করেই শেয়ালটি গ্রামে ঢুকে কয়েকজনকে তাড়া করে। তখন জাহানারা ও ইসরাফিলকে কামড়ে আহত করে। পরে গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দিলে শেয়ালটি পালিয়ে যায়।