চোট কাটিয়ে মাঠে ফেরার পর আবারও আলোচনায় এসেছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার। তবে এবার মাঠের পারফরম্যান্স নয়, বরং আইনি জটিলতার কারণে খবরের শিরোনাম হয়েছেন তিনি। তার সাবেক এক ব্যক্তিগত বাবুর্চি অভিযোগ করেছেন, নেইমারের বিলাসবহুল ম্যানশনে তাকে অমানবিক পরিবেশে কাজ করতে বাধ্য করা হয়েছে।
ব্রাজিলের গণমাধ্যম Metrópoles-এর প্রতিবেদনে বলা হয়েছে, মামলার নথি অনুযায়ী ওই নারী শুধু নেইমারের জন্যই নয়, বরং তার সঙ্গে থাকা প্রায় ১৫০ জন বন্ধু ও সঙ্গীর জন্য নিয়মিত খাবার প্রস্তুত করতেন। অনেক সময় তাকে টানা ১৬ ঘণ্টা পর্যন্ত কাজ করতে হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
চুক্তি অনুযায়ী সোমবার থেকে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা এবং শুক্রবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাজ করার কথা থাকলেও বাস্তবে তাকে প্রায়ই রাত ১১টা বা ১২টা পর্যন্ত কাজ করতে হয়েছে। এমনকি সাপ্তাহিক ছুটির দিনেও তাকে কাজ করতে বাধ্য করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করা এবং সুপারমার্কেট থেকে প্রায় ১০ কেজি মাংসসহ ভারী বাজার বহনের কারণে ওই নারী বর্তমানে পিঠের ব্যথা ও হিপ ইনফ্লামেশনের মতো শারীরিক সমস্যায় ভুগছেন।
বকেয়া বেতন, ওভারটাইম, চিকিৎসা খরচ ও অন্যান্য পাওনা মিলিয়ে তিনি প্রায় ২ লাখ ৬২ হাজার ব্রাজিলিয়ান রিয়াল ক্ষতিপূরণ দাবি করেছেন। মামলায় উল্লেখ করা হয়েছে, অনেক সময় তিনি দুপুরের খাবার খাওয়ার সুযোগও পাননি এবং শ্রম আইনে নির্ধারিত বিরতিও দেওয়া হয়নি।
মামলাটি Rio de Janeiro Labor Court-এ দায়ের করা হয়েছে। বর্তমানে Santos FC ক্লাবের হয়ে খেলছেন নেইমার। তবে অভিযোগের বিষয়ে তার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।