স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ ও চাঞ্চল্যকর পোস্ট দিয়েছেন আলোচিত অভিনেতা জাহের আলভী। শুক্রবার মধ্যরাতে দেওয়া ওই পোস্টে তিনি স্ত্রীর মৃত্যুর ঘটনার রহস্য উদঘাটনে বেশ কিছু তথ্য তুলে ধরেন এবং দাবি করেন, তাকে অন্যায়ভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
পোস্টে আলভী জানান, মিরপুরের বাসার ড্রয়িংরুমে থাকা সিসিটিভি ক্যামেরার নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে তার স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা-র ফোনে ছিল এবং সেই ফোন বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।
অভিনেতার দাবি, গত ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তার অনুপস্থিতিতে বাসায় ইকরার বন্ধুদের যাতায়াত ছিল এবং সেখানে মাদক সেবনের আসর বসেছিল, যার প্রমাণ সিসিটিভি ফুটেজে রয়েছে। তিনি উল্লেখ করেন, ওই তিন দিনে কয়েকজন বান্ধবী ও এক বন্ধু বাসায় এসে গভীর রাত পর্যন্ত অবস্থান করেন এবং সিগারেট, গাঁজা ও মদ্যপান করেন।
আলভী আরও বলেন, দুর্ঘটনার আগের দিন ইকরা তার সহকারীকে দিয়ে সিগারেট ও ঘুমের ওষুধ আনিয়েছিলেন এবং সেই সময় তার আচরণ স্বাভাবিক ছিল না। এই বিষয়ে তার সহকারীর বক্তব্য ইতোমধ্যে পুলিশের কাছে লিখিতভাবে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
পোস্টে আলভী অনুরোধ করেন, ওই তিন দিনের সিসিটিভি ফুটেজ যেন কোনোভাবেই মুছে ফেলা না হয় এবং প্রয়োজনে তা সুষ্ঠুভাবে তদন্ত করা হয়।
তিনি আরও দাবি করেন, ইকরা এর আগেও গত ১৫ বছরে কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তবে এবারের ঘটনাকে ঘিরে তার আচরণ একেবারেই স্বাভাবিক ছিল না বলেও উল্লেখ করেন অভিনেতা। পাশাপাশি তিনি আশঙ্কা প্রকাশ করেন, দুর্ঘটনার আগে ইকরা মদ্যপান বা মাদক সেবন করে থাকতে পারেন। এ কারণে পোস্টমর্টেম রিপোর্ট যেন নিরপেক্ষভাবে প্রকাশ করা হয়, সে বিষয়েও নজর দেওয়ার আহ্বান জানান তিনি।
ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ টেনে আলভী জানান, ২০১০ সালে তারা পালিয়ে বিয়ে করেছিলেন। পরে তাকে ডিভোর্স না দিয়েই ইকরা পরিবারের সম্মতিতে অন্য একজনকে বিয়ে করেছিলেন বলে দাবি করেন তিনি। পরবর্তীতে ইকরা তার কাছে ফিরে এলে তিনি তাকে ক্ষমা করে আবার গ্রহণ করেছিলেন বলেও উল্লেখ করেন।
সবশেষে নিজের সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান অভিনেতা।