যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।
সভায় বক্তারা হাসপাতালের বিভিন্ন সমস্যা তুলে ধরে বলেন, প্রায় ৪ লাখ মানুষের চিকিৎসাসেবা প্রদানকারী ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা রয়েছে মাত্র ৫০টি। এছাড়া ল্যাব সার্ভিসের সীমাবদ্ধতা, সিজারিয়ান সেকশন চালুর প্রয়োজনীয়তা, দালাল চক্রের দৌরাত্ম্য, পরিচ্ছন্নতা কর্মীর সংকট, বিভিন্ন ইনভেস্টিগেশন সেবার ঘাটতি, নিরাপত্তা সমস্যা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহে অনিয়মের বিষয় তুলে ধরা হয়।
বক্তারা আরও জানান, হাসপাতালে বর্তমানে মাত্র ৩ জন ক্লিনার থাকলেও প্রয়োজন অন্তত ১৫ জন। এছাড়া বিভিন্ন বিভাগে মোট ৭১টি পদ শূন্য রয়েছে। সেবার মান উন্নত করতে দ্রুত জনবল সংকট সমাধান, হাসপাতালের নিরাপত্তা জোরদার, ২৪ ঘণ্টা ঔষধের দোকান খোলা রাখা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি এক্স-রে মেশিন চালু রাখতে প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
সভায় উপজেলা জামায়াতের পক্ষ থেকে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলীম হাসপাতালে সেবা নিতে আসা বয়স্ক রোগীদের লাইনে দাঁড়ানোর কষ্ট কমাতে টুল ও বেঞ্চের ব্যবস্থা করবেন বলে জানান।
সভাপতির বক্তব্যে সংসদ সদস্য ডা. ফরিদ বলেন- প্রায় ১৮ মাস ধরে এখানে কোনো সমন্বয় সভা হয়নি। হাসপাতালের সব সমস্যা একসঙ্গে সমাধান করা সম্ভব না হলেও ধাপে ধাপে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। সেবার মান বাড়াতে বিভিন্ন এনজিও ও সামাজিক সংগঠনকে স্বেচ্ছাসেবক (ভলান্টিয়ার) দেওয়ার আহ্বান জানানো হবে এবং কমিউনিটি সাপোর্ট গ্রুপ চালুর উদ্যোগ নেওয়া হবে।
এসময় তিনি ঘোষণা দিয়ে বলেন- সংসদ সদস্য হিসেবে আমি যে বেতন পাব প্রায় ৫৫ হাজার টাকা তা ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার মানুষের চিকিৎসাসেবার মান উন্নয়নের লক্ষ্যে দুই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন কাজে ব্যয় করব। পাশাপাশি চিকিৎসকদের যেন কোনো ধরনের হয়রানির শিকার না হতে হয়, সে বিষয়েও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোছাঃ রনি খাতুন বলেন, পৌরসভার পক্ষ থেকে হাসপাতালের জন্য প্রয়োজনীয় ফিল্ম, পরিচ্ছন্নতা কর্মী এবং জেনারেটরের তেলের ব্যবস্থা করা হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) আবু সাইদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ভারপ্রাপ্ত ডা. মেহেদী হাসান, মেডিকেল অফিসার এম সি এইচ ডা. শিহাবুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ অলিয়ার রহমান, বাঁকড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান, এনজিও প্রতিনিধি ডা. ইমদাদুল হক, আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আব্দুর রশিদ ঝিকরগাছা প্রেস ক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলীম, পৌর জামায়াতের আমীর আব্দুল হামিদ সহ ভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ।