প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সরিষাবাড়ীতে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৬ মার্চ, ২০২৬

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর শাহজাদা তালুকদার নতুন বাজার এলাকায় বুধবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন—মনোহারী ব্যবসায়ী আনিছুর রহমান (আনিছ) এবং কিটনাশক ও সার ব্যবসায়ী রফিকুল ইসলাম দুল্লা। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার আনুমানিক রাত দুইটার দিকে হঠাৎ করে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত পাশের আরেকটি দোকানে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন পুরো দোকান দুটিকে গ্রাস করে। ওই দোকানে কেউ ছিলনা।

খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে দোকান দুটির অধিকাংশ মালামাল পুড়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দীর্ঘ দিনের সঞ্চিত পুঁজি ও দোকানের মালামাল পুড়ে যাওয়ায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। ক্ষতিপূরণ ও পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন তারা।
স্থানীয় কামরাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবংআলমগীর হোসেন সহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা