চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরান প্রতিবেশী রাষ্ট্রগুলোর বিরুদ্ধে নয়, বরং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
বৃহস্পতিবার (৫ মার্চ) আল আরাবিয়া নিউজ নেটওয়ার্ক-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরকারের ‘অবৈধ আগ্রাসনের’ শিকার হয়েছে। তার দাবি, সাম্প্রতিক সামরিক পদক্ষেপগুলো সম্পূর্ণ আত্মরক্ষামূলক।
বাঘাই স্পষ্ট করে বলেন, ইরানের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কোনো শত্রুতা নেই এবং তাদের বিরুদ্ধে হামলার কোনো পরিকল্পনাও নেই। তিনি জানান, তেহরান আঞ্চলিক রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বকে সম্মান করে এবং অবৈধ মার্কিন ঘাঁটিগুলোকেই লক্ষ্যবস্তু করা হচ্ছে।
তিনি আরও বলেন, ইরান প্রতিবেশী ও অন্যান্য ইসলামি দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ।
অন্যদিকে, ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফজল শেকারচি সতর্কবার্তা দিয়ে বলেছেন, বৈরুতে ইরানি দূতাবাসে হামলা হলে বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে।