মুনাফাসহ গচ্ছিত আমানতের সম্পূর্ণ টাকা দ্রুত ফেরতের দাবিতে বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের গ্রাহকরা। এই ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক।
বিক্ষোভকারীরা মতিঝিল শাপলা চত্বরের প্রধান সড়ক অবরোধ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ব্যবহার করে তাদের সরিয়ে দেয়। আন্দোলনকারীরা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের ‘হেয়ার কাট’ সিদ্ধান্ত বাতিল এবং আমানতের পুরো অর্থ ফেরতের দাবি জানান। তাদের অভিযোগ, ২০২৪ ও ২০২৫ সালের আমানতের ওপর মাত্র ৪ শতাংশ হারে মুনাফা প্রদানের এই সিদ্ধান্ত সাধারণ আমানতকারীদের জন্য অন্যায্য।
মানববন্ধনে বক্তারা বলেন, অনেক গ্রাহক এখন তাদের জমা মূলধন ও মুনাফা তুলতে না পেরে মানবেতর জীবন যাপন করছেন। তারা অবিলম্বে বিতর্কিত সিদ্ধান্ত বাতিল এবং ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানান। বেলা ১১টায় শুরু হওয়া অবস্থান কর্মসূচিতে গ্রাহকরা বিভিন্ন স্লোগান দেয় এবং আগামী ১২ মার্চ আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন।
প্রসঙ্গত, সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের প্রক্রিয়ায় গ্রাহকদের আস্থা পুনঃস্থাপনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই অস্থিতিশীল পরিস্থিতি সাধারণ আমানতকারীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে এবং তারা সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করছেন। আজকের ঘটনার পর মতিঝিলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।