আসন্ন পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বিষয়টি নিশ্চিত করেছেন। কর্মসূচি তদারকির জন্য অর্থ সচিবের নেতৃত্বে চার সদস্যের একটি সচিব কমিটি গঠন করা হয়েছে। সভায় কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ-সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রেস সচিব জানান, ‘কৃষক কার্ড’ শুধু পরিচয়পত্র নয়—এটি কৃষকের অধিকার ও মর্যাদার স্বীকৃতি। এই কার্ডের মাধ্যমে কৃষকেরা ধাপে ধাপে সরকারি নানা সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, ভর্তুকি, সহজ শর্তে কৃষিঋণ এবং কৃষি বীমা সুবিধা।
শুধু ফসল উৎপাদনকারী কৃষক নন, মৎস্যচাষি ও প্রাণিসম্পদ খামারিরাও এই কর্মসূচির আওতায় আসবেন। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আবহাওয়া পূর্বাভাস, বাজারদর এবং রোগবালাই সংক্রান্ত পরামর্শ পাওয়ার সুযোগ থাকবে।
প্রথম ধাপে আগামী ৪৫ দিনের মধ্যে সারাদেশে কৃষকদের তথ্য সংগ্রহ করা হবে। এরপর প্রাক-পাইলট হিসেবে ৮ বিভাগের ৯টি নির্বাচিত উপজেলায় কার্ড বিতরণ শুরু হবে। এসব উপজেলার মধ্যে রয়েছে—টাঙ্গাইল সদর, বগুড়ার শিবগঞ্জ, পঞ্চগড় সদর, জামালপুরের ইসলামপুর, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, মৌলভীবাজারের জুড়ী, কুমিল্লা সদর ও কক্সবাজারের টেকনাফ।
পুরো কার্যক্রম মাঠপর্যায়ে বাস্তবায়ন করবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)।
কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকেরা গড়ে ২ হাজার ৫০০ টাকা করে সরাসরি ভর্তুকি বা কৃষি উপকরণ সহায়তা পাবেন। এছাড়া খরিফ-১ ও খরিফ-২ মৌসুমে নির্ধারিত শ্রেণির কৃষকদের জন্য অতিরিক্ত আর্থিক অনুদান দেওয়া হবে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রাক-পাইলট ও পাইলট পর্যায় শেষে আগামী চার বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচি সম্প্রসারণ করা হবে। সরকার আশা করছে, এই উদ্যোগ দেশের কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আনবে।