বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী ৯ এপ্রিল ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার (৫ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার এ তারিখ নির্ধারণ করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ। দুই হাত প্রসারিত করে পুলিশের সামনে দাঁড়িয়ে থাকার তার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
পরবর্তীতে আন্দোলন তীব্র আকার ধারণ করে এবং তা গণঅভ্যুত্থানে রূপ নেয়। এর ধারাবাহিকতায় একই বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে।
বর্তমানে জুলাই-আগস্টের ঘটনাপ্রবাহে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম চলমান রয়েছে।