প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ১৮৯ বাংলাদেশি

বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ১৮৯ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বেশ কয়েকটি দেশের আকাশপথে বিধিনিষেধ জারি হওয়ায় বহু বাংলাদেশি প্রবাসী বিদেশে আটকা পড়েছেন। এ পরিস্থিতিতে তাদের দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দেয় সংস্থাটি। এর মধ্যে একটি বিশেষ ফ্লাইটে দুবাই থেকে ১৮৯ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৭টা ৭ মিনিটে ফ্লাইটটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে।

ইউএস-বাংলার বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই দিনে বিকাল ৫টা ১৫ মিনিটে আরেকটি বিশেষ ফ্লাইট ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যাবে। ফিরতি ফ্লাইটটি দুবাই থেকে স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশে রওনা হবে।

বর্তমান পরিস্থিতি বিবেচনায় দুবাই এয়ারপোর্ট অথরিটি ইউএস-বাংলা ছাড়াও এমিরেটস এবং এয়ার ইন্ডিয়া-সহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। যেসব বাংলাদেশি যাত্রীর ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে বা শিগগির শেষ হতে যাচ্ছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের সুযোগ দেওয়া হচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা