প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আটকে পড়া প্রবাসীদের ফেরাতে ঢাকা–দুবাই রুটে ইউএস-বাংলার দুই বিশেষ ফ্লাইট

আটকে পড়া প্রবাসীদের ফেরাতে ঢাকা–দুবাই রুটে ইউএস-বাংলার দুই বিশেষ ফ্লাইট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ঢাকা–দুবাই–ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

বুধবার (৪ মার্চ) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এয়ারলাইনটি জানায়, মানবিক বিবেচনায় এই বিশেষ ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

প্রথম বিশেষ ফ্লাইটটি বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যাবে। একই উড়োজাহাজ দুবাই থেকে স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে ঢাকার পথে রওনা দেবে।

দ্বিতীয় ফ্লাইটটি বৃহস্পতিবার বিকাল ৫টা ১৫ মিনিটে ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করবে এবং দুবাই থেকে স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশে ফিরবে। ৪৩৬ আসনবিশিষ্ট এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজ দিয়ে ফ্লাইটগুলো পরিচালিত হবে। ঢাকা–দুবাই রুটে ফ্লাইট নম্বর বিএস-৩৪১ এবং দুবাই–ঢাকা রুটে বিএস-৩৪২ নির্ধারণ করা হয়েছে।

এদিকে, দুবাই এয়ারপোর্ট অথরিটি সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলার পাশাপাশি এমিরেটস ও এয়ার ইন্ডিয়া-সহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।

এয়ারলাইনটি জানিয়েছে, যেসব বাংলাদেশি নাগরিকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা শিগগির শেষ হতে যাচ্ছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে টিকিট প্রদান করা হবে।

টিকিট সংক্রান্ত তথ্যের জন্য বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে ইউএস-বাংলার সেলস সেন্টার, নিকটস্থ ট্রাভেল এজেন্সি অথবা হটলাইন ১৩৬০৫ এবং মোবাইল নম্বর ০১৭৭৭৭৭৭৮০০–৮০৬-এ যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা