প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ মার্চ, ২০২৬

বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম-এর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, আলোচনা ‘ভালো হয়েছে’।

বুধবার (৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠক শেষে পল কাপুর গণমাধ্যমের মুখোমুখি হন। বৈঠকে আলোচনার বিষয়বস্তু, বিশেষ করে অস্ত্র কেনাকাটাবিষয়ক আকসা ( একুইজিশন অ্যান্ড ক্রস-সার্ভিসিং অ্যাগ্রিমেন্ট ) এবং সামরিক গোপন তথ্য সুরক্ষা সংক্রান্ত জিসোমিয়া  (জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন অ্যাগ্রিমেন্ট) নিয়ে প্রশ্ন করা হলেও তিনি এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করেননি। সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়ে তিনি মন্ত্রণালয় ত্যাগ করেন।

 

সফরসূচি অনুযায়ী, পল কাপুর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-এর সঙ্গেও বৈঠক করবেন। সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় ও নৈশভোজে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

 

 

সফরের শেষ দিন বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর-এর সঙ্গে বৈঠক করবেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।

কূটনৈতিক সূত্র জানায়, গত অক্টোবরে দায়িত্ব গ্রহণের পর এটাই পল কাপুরের প্রথম বাংলাদেশ সফর। ঢাকা-ওয়াশিংটনের কৌশলগত সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে তিনি মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছান।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা