রংপুরের কাউনিয়া উপজেলায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক সংরক্ষণের অভিযোগে একটি সার ও কীটনাশক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে বেইলীব্রিজ বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ‘সাকি এন্টারপ্রাইজ’ নামের প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত রাখার সত্যতা পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাউনিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।