যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলায় ইরানে প্রাণহানির সংখ্যা বেড়ে ৭৮৭ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ইরান রেড ক্রিসেন্ট সোসাইটি। গত চার দিন ধরে চলা এ হামলায় আহত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ।
ফরাসি বার্তা সংস্থা এএফপি রেড ক্রিসেন্টের পরিসংখ্যানের বরাত দিয়ে জানায়, মঙ্গলবার সকাল পর্যন্ত ৭৮০ জনের বেশি নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। পরে সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত মাঠপর্যায়ের প্রতিবেদনে নিহতের সংখ্যা ৭৮৭ জনে পৌঁছানোর কথা উল্লেখ করা হয়।
তবে হতাহতের এ তথ্য স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি বলেও জানিয়েছে এএফপি। রেড ক্রিসেন্টের দাবি, গত শনিবার থেকে শুরু হওয়া সংঘাতে ইরানের ১৫৩টি শহর ও ৫০০টির বেশি স্থানে এক হাজারেরও বেশি হামলা চালানো হয়েছে।
এদিকে মঙ্গলবার রাজধানী তেহরান-এ একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে এএফপির প্রতিনিধিরা জানিয়েছেন। এছাড়া তেহরানের পশ্চিমে অবস্থিত কারাজ এবং মধ্যাঞ্চলীয় শহর ইসফাহান-এও বিস্ফোরণের খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।