মাদক, অবৈধভাবে মাটি উত্তোলন ও লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, পরিবেশ ধ্বংস করে কোনো উন্নয়ন সম্ভব নয়। অবৈধভাবে মাটি কাটলে আইনি ব্যবস্থা নেওয়া হবে, এতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১১টায় মোহাম্মদপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত ইফতার ফুড প্যাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি হাসনাত আব্দুল্লাহ তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর জোর দিয়ে বলেন, প্রত্যেক গ্রাম ও ইউনিয়নে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তুলতে হবে। এতে মাদক ও সামাজিক অবক্ষয় অনেকাংশে কমে আসবে।
অবৈধ মাটি কাটা ও ইটভাটার বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, অল্প পরিমাণ জমি থেকে মাটি কাটলেও তার প্রভাব আশপাশের বিস্তীর্ণ এলাকায় পড়ে। সাময়িক লাভের আশায় দীর্ঘমেয়াদে কৃষি ও পরিবেশের ক্ষতি করা হচ্ছে। এলাকায় লাইসেন্স ছাড়া পরিচালিত ইটভাটার বিরুদ্ধে নিয়মিত মামলা ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ায় আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তন কৃষিতে নেতিবাচক প্রভাব ফেলছে উল্লেখ করে নবনির্বাচিত এই সংসদ সদস্য নদী-খাল পুনঃখনন ও নাব্যতা ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, দেবীদ্বার উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক শহিদুল ইসলাম, সংগঠনের সভাপতি সোলাইমান কবির মাসুম এবং মাওলানা শহীদুল্লাহ ভূঁইয়া। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।