যুক্তরাষ্ট্রের হাতে দীর্ঘমেয়াদি যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত অস্ত্রভাণ্ডার রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিকমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্রের কাছে কার্যত সীমাহীন অস্ত্র সরবরাহ রয়েছে এবং বড় জয়ের জন্য দেশ প্রস্তুত।
একই বার্তায় তিনি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন-এর সমালোচনা করেন। ট্রাম্পের অভিযোগ, বাইডেন প্রশাসন ইউক্রেনকে উন্নতমানের মার্কিন অস্ত্র সরবরাহ করেছিল। নিজের মেয়াদের শেষ দিকে বাইডেন ইউক্রেনকে প্রায় ১৯০ মাইল বা ৩০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতিও দিয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি।
এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চলমান সামরিক অভিযান আরও চার সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। তার ভাষ্য, সংশ্লিষ্ট দেশটি ভৌগোলিকভাবে বড় হলেও নির্ধারিত সময়ের বেশি প্রয়োজন হবে না।