প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আজ রাতে ঢাকায় আসছেন পল কাপুর

আজ রাতে ঢাকায় আসছেন পল কাপুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ মার্চ, ২০২৬

দুই দিনের সরকারি সফরে মঙ্গলবার (৩ মার্চ) রাতে ঢাকায় পৌঁছাবেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কাপুর। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর ওয়াশিংটন থেকে এটিই হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রথম দ্বিপক্ষীয় উচ্চপর্যায়ের সফর।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সফরটি রাজনৈতিক গুরুত্ব বহন করলেও বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সাম্প্রতিক বাণিজ্য চুক্তির বাস্তবায়নকে অগ্রাধিকার দেবে ওয়াশিংটন। পাশাপাশি রাজনৈতিক বোঝাপড়া, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, মিয়ানমার ও রোহিঙ্গা সংকট, আঞ্চলিক নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি আলোচনায় স্থান পেতে পারে।

জানা গেছে, বর্তমানে দিল্লি সফরে রয়েছেন পল কাপুর। সেখান থেকে ঢাকায় এসে প্রথমে তিনি মার্কিন দূতাবাস ঢাকা-এর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

বুধবার (৪ মার্চ) তার বৈঠকসূচিতে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই দিন সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি।

সফরের শেষ দিন বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর-এর সঙ্গে বৈঠক করবেন পল কাপুর। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময়ের কথাও রয়েছে। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

সফর নিয়ে সোমবার এক বিবৃতিতে মার্কিন দূতাবাস ঢাকা জানিয়েছে, এই সফরের লক্ষ্য যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করা। আলোচনায় দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, নিরাপত্তা সহযোগিতা জোরদার এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়গুলো গুরুত্ব পাবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা