ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হলেও এটি দীর্ঘস্থায়ী করার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সম্প্রতি মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই অভিযান নির্দিষ্ট লক্ষ্য সামনে রেখেই শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যে নতুন নিরাপত্তা বাস্তবতা তৈরিই এর উদ্দেশ্য। তবে যুদ্ধ কতদিন চলবে—সে বিষয়ে স্পষ্ট সময়সীমা উল্লেখ করেননি তিনি।
নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েল সংঘাতকে অনির্দিষ্টকালের জন্য টেনে নিতে চায় না। একই সাক্ষাৎকারে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর ভূয়সী প্রশংসা করে বলেন, ট্রাম্প সিদ্ধান্ত গ্রহণে স্পষ্ট ও দৃঢ় অবস্থানের জন্য পরিচিত।
সাক্ষাৎকারের শেষ দিকে নেতানিয়াহু ইঙ্গিত দেন, ইরানের অভ্যন্তরীণ পরিবর্তনই এই সংঘাতের বড় ফল হতে পারে। তার বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে, তেহরানের বর্তমান শাসনব্যবস্থার ওপর চাপ তৈরিই অভিযানের অন্যতম কৌশলগত লক্ষ্য।
অন্যদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া পৃথক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চলমান অভিযান আরও প্রায় চার সপ্তাহ অব্যাহত থাকতে পারে। তার ভাষ্য, ইরান ভৌগোলিকভাবে বড় ও সামরিকভাবে সক্ষম হলেও নির্ধারিত সময়ের বেশি প্রয়োজন হবে না।
বিশ্লেষকরা বলছেন, প্রযুক্তি, গোয়েন্দা সক্ষমতা ও সমন্বিত সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এগিয়ে থাকলেও, ইরানের জটিল সামাজিক-রাজনৈতিক কাঠামো ও আঞ্চলিক প্রভাব বিবেচনায় পরিস্থিতি দ্রুত বদলানো সহজ হবে না।