বসন্তের শুরুতেই টানা কয়েক দিনের ভ্যাপসা গরমে অতিষ্ঠ ছিল রাজধানী ঢাকা। সোমবার সকালে তাপমাত্রা আগের দিনের তুলনায় ৩ ডিগ্রি সেলসিয়াসের বেশি বেড়ে যায়। দিনের রোদও ছিল বেশ তীব্র।
তবে দুপুর আড়াইটার পর শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, যা পরে রূপ নেয় ভারী বর্ষণে। এই বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও বিকেলে অফিস ছুটির পর বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ইফতারের আগে ঘরমুখী মানুষদের অনেককে সড়কেই আটকে থাকতে দেখা গেছে।
এর আগে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানিয়েছিল, সোমবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে জানানো হয়, দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ঢাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে বলেও জানানো হয়।
আগামীকাল (৩ মার্চ)ও কয়েকটি বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।