শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথ হামলা চালায়। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বহু শীর্ষ কর্মকর্তা ও কমান্ডার নিহত হন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হামলা সাধারণত গভীর রাতে হলেও এবার সকালবেলাতেই চালানো হয়। কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মাত্র কয়েক ঘণ্টা আগে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য পায়, যা নিশ্চিত করে যে খামেনি এবং শীর্ষ কর্মকর্তারা একই স্থানে উপস্থিত থাকবেন। এই তথ্য সিআইএ থেকে ইসরায়েলকে পাঠানো হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, খামেনি তাদের নজরদারি ও গোয়েন্দা সক্ষমতা এড়িয়ে যেতে পারেননি। যৌথ অভিযান অনুযায়ী, ইসরায়েল মূলত নেতাদের ওপর হামলা চালায়, আর যুক্তরাষ্ট্র সামরিক স্থাপনা লক্ষ্য করে।
স্থানীয় সময় সকাল ৯:৪০ মিনিটে ইসরায়েলি জেটগুলো তেহরানে হামলা চালায়, ৩০টি বোমা ব্যবহার করা হয়। এতে ইরানের ডিফেন্স কাউন্সিল সেক্রেটারি আলি শামখানি, প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ ও আইআরজিসি কমান্ডার মুহাম্মদ পাকপৌর নিহত হন। অন্যান্য লক্ষ্যবস্তুতে আঘাতের পর, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিরাপদ থাকার ঘোষণা দেন।
বিশ্লেষকরা মনে করছেন, এটি কেবল শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে হামলা নয়, বরং একটি বৃহত্তর অভিযানের সূচনাও বটে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ পরিকল্পনা ও প্রযুক্তিনির্ভর নজরদারি এই সফল হামলার মূল চাবিকাঠি হিসেবে বিবেচিত হচ্ছে।