প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইফতার মেনুতে গরুর মাংস বাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ইফতার বয়কট

ইফতার মেনুতে গরুর মাংস বাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ইফতার বয়কট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ মার্চ, ২০২৬

পবিত্র রমজান উপলক্ষে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শিক্ষার্থীদের জন্য বার্ষিক ইফতারের আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে দীর্ঘদিনের প্রচলিত মেনুতে পরিবর্তন এনে গরুর মাংসের পরিবর্তে মুরগির পদ রাখার সিদ্ধান্ত ঘিরে ক্যাম্পাসে অসন্তোষ দেখা দিয়েছে।

রোববার (১ মার্চ) রাতে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় ৪ মার্চের ইফতারের মেনু চূড়ান্ত করা হয়। সভা শেষে জানানো হয়, এবার ইফতারে গরুর মাংস থাকবে না; তার পরিবর্তে মুরগির আইটেম পরিবেশন করা হবে।

সিদ্ধান্তটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীদের একাংশ। কেউ ইফতারের টোকেন ফেরত দেওয়ার আহ্বান জানান, আবার কেউ ‘খয়রাতি ইফতার’ উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন। বিকল্পভাবে গরুভোজের আয়োজনের দাবিও তোলা হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, তাদের প্রত্যাশা ও দাবি যথাযথ গুরুত্ব পায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর কার্যনির্বাহী সদস্য মিফতাহুল হুসাইন আল মারুফ দাবি করেন, ডিনস কমিটি ও প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠকে শিক্ষার্থীদের মতামত উপেক্ষিত হয়েছে। রমজানে ক্লাস-পরীক্ষা স্থগিত এবং ইফতারে গরুর মাংস রাখার প্রস্তাবও গ্রহণ করা হয়নি বলে তিনি অভিযোগ করেন।

ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জোবায়ের বলেন, বিষয়টি আপাতদৃষ্টিতে ছোট মনে হলেও এটি গুরুত্বপূর্ণ। তার মতে, উপমহাদেশে গরুর মাংস অনেক সময় রাজনৈতিক বিতর্কের বিষয় হয়ে ওঠে এবং প্রশাসনের সিদ্ধান্তের পেছনে এমন প্রভাব থাকতে পারে।

ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ সামাজিক মাধ্যমে জানান, আগের বছরগুলোতে গরুর মাংস রাখা হলেও এবার নতুন প্রশাসন তা বাদ দিয়েছে। ডাকসু ও হল সংসদের পক্ষ থেকে লিখিত আপত্তি জানানো হলেও সিদ্ধান্ত পরিবর্তন হয়নি বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল-এর প্রভোস্ট ড. মো. নাজমুল হোসাইন বলেন, অধিকাংশ হল পূর্বনির্ধারিত মেনু অনুযায়ী প্রস্তুতি সম্পন্ন করেছে এবং অনেক ক্ষেত্রে অগ্রিম অর্থ ব্যয় করা হয়েছে। সময় স্বল্পতার কারণে এখন পরিবর্তন সম্ভব নয়।

তিনি আরও জানান, অধিকাংশ হলের ছাত্র সংসদ একই মেনু রাখার বিষয়ে আপত্তি করেনি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় পূর্বনির্ধারিত সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। তবে পহেলা বৈশাখে গরুভোজের আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ইফতারের মেনু নিয়ে প্রশাসন ও শিক্ষার্থীদের ভিন্ন অবস্থান বিশ্ববিদ্যালয়জুড়ে নতুন বিতর্কের সৃষ্টি করেছে। প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীদের একটি অংশ বয়কটের ঘোষণা দিয়েছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা