পবিত্র উমরাহ পালন শেষে দেশে ফেরার পথে জটিলতায় পড়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার কারণে আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় তিনি সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েন।
উমরাহ শেষে সৌদি আরব থেকে দুবাই হয়ে ঢাকায় ফেরার পরিকল্পনা ছিল তার। তবে দুবাই পৌঁছানোর পর ফ্লাইট পুনরায় জেদ্দায় ফিরিয়ে নেওয়া হয়। ফলে অনাকাঙ্ক্ষিতভাবে সৌদিতেই অবস্থান করতে হয় তাকে। এতে ভক্ত-সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
অবশেষে সব শঙ্কা কাটিয়ে আজ সকাল ১০টায় ঢাকায় পৌঁছেছেন এই তারকা ক্রিকেটার। দেশে ফেরার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি নিরাপদে বিমানে ওঠার কথা জানিয়ে সবার দোয়া ও খোঁজখবর নেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে তার ফেরাকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, বিষয়টি তিনি ব্যক্তিগতভাবে তদারকি করছেন। ক্রিকেট বোর্ডের সঙ্গেও যোগাযোগ রাখা হয়েছিল বলে তিনি নিশ্চিত করেন।
সবশেষে নিরাপদে দেশে ফেরায় স্বস্তি ফিরেছে ক্রিকেট অঙ্গন ও ভক্তদের মাঝে।