প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কাউনিয়ায় হারিয়ে যাচ্ছে শিমুল গাছ, বিপন্ন পরিবেশ ও দেশি তুলার ঐতিহ্য

কাউনিয়ায় হারিয়ে যাচ্ছে শিমুল গাছ, বিপন্ন পরিবেশ ও দেশি তুলার ঐতিহ্য
জহির রায়হান, কাউনিয়া (রংপুর)প্রতিনিধি
প্রকাশিত: ১ মার্চ, ২০২৬

প্রকৃতিতে জেগে উঠেছে সবুজ পাতা আর মুকুল। শীত বিদায় নিয়ে আবারও এসেছে ফাগুন, ফিরেছে ঋতুরাজ বসন্ত। আবহমান গ্রাম বাংলার প্রকৃতিকে রাঙিয়ে তুলতে একসময় শিমুল ফুলের মেলা বসলেও রংপুরের কাউনিয়ায় সেই দৃশ্য এখন বিলুপ্তপ্রায়। কালের বিবর্তনে চোখ ধাঁধানো গাঢ় লাল রঙের অপরূপ সাজে সজ্জিত শিমুল গাছ এখন উপজেলার আনাচে-কানাচে আর চোখে পড়ে না।

সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে প্রবীণ নির্মল দাদা জনকণ্ঠকে জানায় কিছুদিন আগেও গ্রামের প্রতিটি বাড়ির আঙিনায়, রেললাইন ও সরকারি রাস্তার ধারে প্রচুর শিমুল গাছ দেখা যেত। বসন্তের আগাম বার্তা দিত গাছে গাছে ফোটা টকটকে লাল শিমুল। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় অনেক বিদেশি ফুলের দাপট বাড়লেও অযত্ন আর অবহেলায় হারিয়ে যাচ্ছে দেশি শিমুল। শিমুল গাছ উজাড় হওয়ায় স্থানীয় পরিবেশে পড়েছে নেতিবাচক প্রভাব।

সাবদি গ্রামের জাহিদুল ইসলাম (জসিম) জানান, শিমুল গাছ প্রাকৃতিকভাবেই বেড়ে ওঠে। চৈত্র মাসের শেষে ফল পুষ্ট হয় এবং বৈশাখ মাসে পেকে শুকিয়ে যায়। একসময় তিস্তা রেল সেতুর ধারের শিমুল গাছগুলো প্রকৃতিপ্রেমীদের টানত, যা এখন কেবলই স্মৃতি।

ভেলুপাড়ার ছাইফুল মিয়া জানান, শিমুল গাছ কমে যাওয়ায় স্বাস্থ্যসম্মত তুলা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। আগে বাড়ির লেপ, তোষক ও বালিশ তৈরি হতো শিমুল তুলা দিয়ে, যা ছিল আরামদায়ক ও নিরাপদ। গাছ উজাড় হওয়ায় কৃষকরাও বাড়তি আয় থেকে বঞ্চিত হচ্ছেন। একটি বড় গাছ থেকে বছরে ০৮-১০হাজার টাকার তুলা সংগ্রহ করা সম্ভব।

শিমুল গাছ শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এটি বিভিন্ন পাখির নিরাপদ আবাসস্থল। গাছ কমে যাওয়ায় পাখিরা বাসা তৈরির জায়গা হারাচ্ছে, ফলে অনেক প্রজাতির পাখি এলাকা থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে।

স্থানীয় সচেতন মহলের মতে, শিমুল গাছের চারা রোপণে কৃষকের অনিহার পাশাপাশি সরকারি-বেসরকারি কোনো বিশেষ উদ্যোগ না থাকাই এই বিলুপ্তির প্রধান কারণ।

কৃষি বিভাগের উদাসীনতাকে দায়ী করছেন অনেকে। এলাকার সচেতন বাসিন্দাদের দাবি—সরকারি খাস জমি, বড় রাস্তার ধারে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের পক্ষ থেকে বিশেষ ‘শিমুল বনায়ন’ কর্মসূচি গ্রহণ করা হোক।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা