চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১ মার্চ) বাংলাদেশের শেয়ারবাজারে বড় দরপতনের মধ্যদিয়ে লেনদেন শেষ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অংশ নেওয়া ৩৮৯টি শেয়ার ও ইউনিটের মধ্যে মাত্র ৩৬টি ছাড়া সবগুলোর দরপতন হয়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩৯ পয়েন্ট কমে ৫,৪৬২ পয়েন্টে নেমেছে। ডিএসই শরিয়াহ সূচক ২৭ পয়েন্ট কমে ১,০৯০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫২ পয়েন্ট পতনের পর ২,১১৭ পয়েন্টে অবস্থান নিয়েছে। লেনদেনের পরিমাণও হ্রাস পেয়ে ৭৭৫ কোটি ৫৭ লাখ টাকায় দাঁড়িয়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব সূচক বড় দরপতনের মুখোমুখি হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ২৪৬ পয়েন্ট কমে ১৫,৩৫১ পয়েন্টে নেমেছে এবং প্রধান সূচক সিএসসিএক্স ১৬৫ পয়েন্ট কমে ৯,৪২২ পয়েন্টে অবস্থান নিয়েছে। ১৮৪ প্রতিষ্ঠান থেকে ৩৫টির শেয়ারের দাম বেড়েছে, তবে ১৩৮টির দাম কমেছে। লেনদেনের পরিমাণ ১২ কোটি ৭৮ লাখ টাকায় সীমিত হয়েছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, পুঁজিবাজার সেনসিটিভ হওয়ায় বিশ্বের যে কোনো যুদ্ধ বা আঞ্চলিক উত্তেজনার প্রভাব খুব দ্রুত পড়ে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রভাব বাংলাদেশের শেয়ারবাজারেও বড় ধরনের দরপতনে প্রকাশ পেয়েছে। এর নেতিবাচক প্রভাব আরও কয়েক দিন ধরে অনুভূত হতে পারে।