সৌদি আরবের রাজধানী রিয়াদ-এর পূর্বাঞ্চলে রোববার (১ মার্চ) ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা একাধিক বিকট শব্দ শুনেছেন এবং আকাশে ধোঁয়া উঠতে দেখেছেন। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।
এফপিএফ বার্তা সংস্থা জানিয়েছে, রিয়াদে বিস্ফোরণের শব্দ স্থানীয় সাংবাদিক ও বাসিন্দারা শোনেন। এর আগে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, কাতারের দোহা এবং ইসরায়েলের তেল আবিবেও বিস্ফোরণের ধ্বনি শোনা গেছে। কাতারে বিস্ফোরণের পর আহতের সংখ্যা বেড়ে ১৬ জনে পৌঁছেছে এবং কিছু এলাকায় ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে।
ইসরায়েলি বিমান বাহিনী দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে গত একদিনে ইরানের ওপর ১,২০০টির বেশি বোমা নিক্ষেপ করা হয়েছে। হামলায় বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনা লক্ষ্য করা হয়েছে, পাশাপাশি ইরানের দক্ষিণাঞ্চলের মিনাব-এর একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, যেখানে অন্তত ১৪৮ জন নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন।