স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রোববার (১ মার্চ) জানিয়েছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি গত ১৩ দিনে দৃশ্যমানভাবে উন্নতি করেছে। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি বলেন, “এখন আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার চেষ্টা করছি। একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হলে মানুষের মনে শান্তি ও নিশ্চয়তা আসে। এজন্যই পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো।”
মন্ত্রী আরও জানান, নরসিংদীতে নৃশংস হত্যাকাণ্ডসহ কিছু ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার, তদন্ত সম্পন্ন ও আদালতে চার্জশিট দাখিল করা হচ্ছে। তিনি আশ্বাস দেন, বিচার প্রক্রিয়া স্বাধীনভাবে সম্পন্ন হবে এবং দৃষ্টান্তমূলক সিদ্ধান্তের মাধ্যমে জনগণকে বিশ্বাসযোগ্যতা দেখানো হবে।