প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

খামেনির মৃত্যুতে শোক জানিয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

খামেনির মৃত্যুতে শোক জানিয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ মার্চ, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

রোববার (১ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি খামেনির মৃত্যুর খবরকে দুঃখজনক উল্লেখ করে শোকসন্তপ্ত ইরানি জনগণের প্রতি সমবেদনা জানান। তিনি মহান আল্লাহর কাছে নিহতের মাগফিরাত কামনা করেন এবং ইরানের জনগণের জন্য ধৈর্য ও শক্তি প্রার্থনা করেন।

বিবৃতিতে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা ইতোমধ্যেই আঞ্চলিক স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলেছে। এ পরিস্থিতি আরও সামরিক সংঘাতে রূপ নিলে তার প্রভাব গোটা অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে পবিত্র রমজান মাসে এ ধরনের হামলা বিশ্বজুড়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়াবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানসহ সংশ্লিষ্ট সব পক্ষকে অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ করে সংযম প্রদর্শনের আহ্বান জানান। কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আন্তর্জাতিক আইন, রাষ্ট্রের সার্বভৌমত্ব ও বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি।

বার্তার শেষে তিনি বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘ এবং বৈশ্বিক নেতৃত্বের তাৎক্ষণিক ও কার্যকর ভূমিকার আহ্বান জানান।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা