প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইস্তাম্বুল বিমানবন্দরে আটকা পড়েছেন নুসরাত ফারিয়া

ইস্তাম্বুলে আটকা পড়েছেন নুসরাত ফারিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ মার্চ, ২০২৬

হঠাৎ যুদ্ধ পরিস্থিতি এবং সংযুক্ত আরব আমিরাত-এর আকাশসীমা বন্ধের খবরে ইস্তাম্বুল বিমানবন্দরে অনিশ্চয়তার মধ্যে সময় কাটাতে হয়েছে ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। ইস্তাম্বুল থেকে তার দুবাই যাওয়ার পরিকল্পনা থাকলেও পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত তাকে ঢাকার ফ্লাইটে উঠতে হয়।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টা ৪৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করে দিনটির অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। ছবিতে দেখা যায়, বিমানবন্দরের লাউঞ্জে বসে আছেন ফারিয়া; সামনে পাসপোর্ট ও বোর্ডিং পাস, আর পেছনের টেলিভিশন স্ক্রিনে প্রচারিত হচ্ছে আন্তর্জাতিক সংবাদ।

পোস্টে তিনি জানান, ঘুম থেকে উঠে যুদ্ধ ও ইউএই’র আকাশপথ বন্ধের খবর শুনে পুরো দিনটাই তার কাছে দুঃস্বপ্নের মতো মনে হয়েছে। বিমানবন্দরে অবস্থানকালে চারপাশে অনিশ্চয়তা ও উৎকণ্ঠার পরিবেশ তাকে ভীষণভাবে নাড়িয়ে দেয় বলেও উল্লেখ করেন তিনি।

এমন পরিস্থিতিতেও ইস্তাম্বুলে অবস্থানরত বন্ধু ও তাদের পরিবারের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন অভিনেত্রী। তাদের নিয়মিত খোঁজখবর ও মানসিক সমর্থন তাকে সাহস জুগিয়েছে বলে জানান তিনি।

সব বাধা পেরিয়ে অবশেষে দেশের পথে রওনা হয়েছেন নুসরাত ফারিয়া। ঢাকাগামী বিমানে বসেই তিনি লেখেন, মন ভারাক্রান্ত হলেও কৃতজ্ঞতা অনুভব করছেন। পাশাপাশি তিনি প্রার্থনা করেন, বিশ্ব যেন দ্রুত শান্ত হয়ে ওঠে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা