প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্তঃ মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্তঃ মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ মার্চ, ২০২৬

ঠাকুরগাঁও জেলায় মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১ মার্চ) সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, হাসপাতাল ঘুরে দেখে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ পাওয়া গেছে। চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে স্বাস্থ্যসেবার মান আরও কীভাবে উন্নত করা যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে। তিনি জানান, মেডিকেল কলেজের জন্য স্থান নির্ধারণ সম্পন্ন হয়েছে। এটি চালু হলে জেলার স্বাস্থ্যখাতে বড় পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বর্তমানে ২৫০ শয্যার হাসপাতালটিকে ভবিষ্যতে ৫০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে বলেও জানান মির্জা ফখরুল। এতে জেলার মানুষ বিশেষায়িত চিকিৎসাসেবা পাবে এবং বাইরে যাওয়ার প্রয়োজন কমবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় চাহিদার তালিকা দিতে বলা হয়েছে। সরকারিভাবে যা যা সহায়তা প্রয়োজন, তা পর্যায়ক্রমে নিশ্চিত করা হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালে অতিরিক্ত একটি লিফট স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সিভিল সার্জন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, সীমিত সম্পদের মধ্যেও যেন স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করা হয়। দীর্ঘদিন ধরে কর্মরত জনবল সংক্রান্ত বিষয়গুলোও পর্যালোচনা করা হচ্ছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তিনি উল্লেখ করেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার মাত্র দুই সপ্তাহ হয়েছে, এর মধ্যেই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা