প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

খামেনি নিহতের পর আইআরজিসির প্রতিশোধের হুঁশিয়ারি

খামেনি নিহতের পর আইআরজিসির প্রতিশোধের হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ মার্চ, ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার ঘটনায় প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রোববার (১ মার্চ) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি এ তথ্য জানায়।

সরকারিভাবে তেহরান খামেনির মৃত্যুর বিষয়টি স্বীকার করার পর আইআরজিসি এক বিবৃতিতে জানায়, তারা একজন মহান নেতাকে হারিয়েছে এবং গভীর শোকাহত। বিবৃতিতে বলা হয়, “মানবতার সবচেয়ে নিষ্ঠুর সন্ত্রাসীদের হাতে তার শাহাদত প্রমাণ করে—তার নেতৃত্ব শত্রুদের জন্য ভয়ের কারণ হয়ে উঠেছিল।”

আইআরজিসি আরও হুঁশিয়ারি দিয়ে জানায়, “যাদের হাতে আমাদের সর্বোচ্চ নেতা নিহত হয়েছেন, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ইরান প্রতিশোধ নেবে এবং দেশি-বিদেশি সব ধরনের ষড়যন্ত্র নির্মূলে আমরা বদ্ধপরিকর।”

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযান চালানোর পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। প্রথমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খামেনির নিহত হওয়ার দাবি করেন। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই দাবি পুনর্ব্যক্ত করেন। রোববার বাংলাদেশ সময় সকালে ইরান সরকারিভাবে খামেনির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে বলে জানানো হয়।

৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলি খামেনি ছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক কর্তৃত্বের প্রতীক। সামরিক, বিচার বিভাগ ও গোয়েন্দা সংস্থাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে তার ব্যাপক প্রভাব ছিল। কার্যত তার নির্দেশনাতেই পরিচালিত হতো ইসলামি প্রজাতন্ত্র ইরান।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবে শাহ শাসনের অবসান ঘটে। ওই বিপ্লবে নেতৃত্ব দেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, যিনি পরবর্তীতে ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা হন। ১৯৮৯ সালে খোমেনির মৃত্যুর পর তার উত্তরসূরি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন খামেনি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা