প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নাগরিক সমস্যা সমাধানে সব সংস্থাকে নিয়ে কাজ করবেন প্রতিমন্ত্রী ইশরাক

নাগরিক সমস্যা সমাধানে সব সংস্থাকে নিয়ে কাজ করবেন প্রতিমন্ত্রী ইশরাক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

রাজধানীর নাগরিক দুর্ভোগ কমাতে নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এর প্রশাসক আব্দুস সালামের সঙ্গে অনুষ্ঠিত এ বৈঠকে ডেঙ্গু প্রতিরোধ, মশক নিধন কার্যক্রম জোরদার, সড়ক সংস্কার এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন নগর সমস্যা নিয়ে প্রাথমিক আলোচনা হয়।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর নগরভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইশরাক হোসেন জানান, ডেঙ্গু মৌসুম শুরুর আগেই সমন্বিতভাবে মশা দমন কর্মসূচি জোরালো করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি শহরের বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট দ্রুত সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়েও আলোচনা হয়েছে।

বর্ষাকালে সম্ভাব্য জলাবদ্ধতা মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর জোর দিয়ে তিনি বলেন, নাগরিক সেবা স্বাভাবিক রাখতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

ইশরাক হোসেন আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত জনপ্রতিনিধি ও প্রশাসকদের জনসেবা কার্যক্রম দ্রুত গতিতে চালু রাখার নির্দেশনা দিয়েছেন। দীর্ঘ সময় কার্যকর ব্যবস্থাপনার ঘাটতিতে নগর সেবার কাঠামো দুর্বল হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি জানান, ২০২০ সালের ২ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং দীর্ঘদিন ধরে ঢাকার নাগরিক সমস্যা নিয়ে কাজ করে যাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনসংক্রান্ত বক্তব্য তার ব্যক্তিগত মতামত বলে উল্লেখ করে তিনি বলেন, দলীয় মনোনয়ন পেলে এবং দলের সিদ্ধান্ত হলে তবেই নির্বাচনে অংশ নেবেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, সংসদ সদস্যদের মন্ত্রিত্বের দায়িত্ব পালন মানেই নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে—এমনটি মনে করার সুযোগ নেই। স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত সংসদেই হবে এবং মনোনয়ন দেবে সংশ্লিষ্ট দল।

সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি অভিযোগ করেন, তার আসনে অতীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী খুব সীমিত ভোট পেলেও এবারের ভোটসংখ্যা অস্বাভাবিকভাবে বেড়েছে। বিষয়টি খতিয়ে দেখতে ভোটার তালিকা পুনরায় যাচাইয়ের দাবি জানান তিনি।

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভোটার তালিকা হালনাগাদ ও সম্ভাব্য অনিয়ম তদন্তের ওপর গুরুত্বারোপ করেন ইশরাক হোসেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা