প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সরকারের মন্দ কাজ রুখে দেওয়ার প্রত্যয় জামায়াত আমিরের

সরকারের মন্দ কাজ রুখে দেওয়ার প্রত্যয় জামায়েত আমিরের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, তারা অনুগত বিরোধী দল হবেন না এবং অকারণ বিরোধিতার পথেও হাঁটবেন না। সরকারের ভালো উদ্যোগকে সমর্থন করা হবে, আর অন্যায় বা ক্ষতিকর সিদ্ধান্ত এলে তার বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট নগরীর আমানুল্লাহ কনভেনশন হলে মহানগর জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল দল মেনে নিয়েছে— তা সন্তুষ্টি থাক বা না থাক। অতীতের মতো ‘নির্বাচন মানি না’ সংস্কৃতিতে ফিরে যেতে তারা চাননি বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, অন্ধভাবে বিরোধিতা করে দেশের ক্ষতি করা হয়েছে; সে ধরনের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। সঠিক ও জনকল্যাণমূলক পদক্ষেপে সমর্থন দেওয়ার পাশাপাশি জনগণের স্বার্থবিরোধী সিদ্ধান্ত প্রতিহত করা হবে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অপরাধ ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া গেলে পাঁচ বছর পর দেশের চিত্র বদলে যেতে পারে। সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে এর দায় সবাইকেই বহন করতে হবে।

রমজানের তাৎপর্য তুলে ধরে জামায়াত আমির বলেন, এ মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে, যা মানবতার জন্য দিকনির্দেশনা— কেবল মুসলমানদের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য।

দেশের বিপুল তরুণ জনশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, তাদের প্রশিক্ষিত ও কর্মমুখী করে তুলতে পারলে জাতীয় উন্নয়ন ত্বরান্বিত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম। সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান আলী। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী প্রতিনিধি ও সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা