জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ তাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করছে। ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’—এই প্রতিপাদ্য সামনে রেখে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে দলটি।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আবাহনী মাঠ-এ বৃহৎ ইফতার মাহফিল ও মিলনমেলার আয়োজন করা হয়েছে। আয়োজকদের ভাষ্য, এটি কেবল আনুষ্ঠানিক উদ্যাপন নয়; বরং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোদ্ধাদের এক মিলনমঞ্চ।
গত বছরের ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করা এই তরুণ রাজনৈতিক শক্তি এক বছরের মধ্যেই জাতীয় রাজনীতিতে আলোচনায় আসে। ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের উদ্যোগে দলটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে রাষ্ট্র সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে আসছে এনসিপি।
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক হিসেবে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দলটি। নির্বাচনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনসহ ছয়জন তরুণ নেতা সংসদ সদস্য নির্বাচিত হন।
প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানিয়েছেন, ইফতার মাহফিলে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, শিক্ষক, সাংবাদিক, শ্রমিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন।
বিকেল চারটা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে গত এক বছরের রাজনৈতিক কর্মকাণ্ডের উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরে বিশেষ চিত্রপ্রদর্শনী এবং ‘স্ট্রিট ওয়াল’ প্রোমো প্রদর্শনের আয়োজন রাখা হয়েছে।
রাজধানীর পাশাপাশি বিভাগীয় শহরগুলোতেও কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি। আগামী ২ মার্চ চট্টগ্রাম, ৪ মার্চ সিলেট, ৫ মার্চ ময়মনসিংহে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ৩ মার্চ কুমিল্লায় স্থানীয় নেতাকর্মী ও শহীদ পরিবারের সঙ্গে সংযোগ জোরদারে বিশেষ ইফতার আয়োজন করা হবে।