প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লক্ষ্মীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুনে পুড়ে ছাই ৬টি দোকান

ফয়সাল মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

লক্ষ্মীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে হোটেল, চায়ের দোকান ও মুরগির দোকানসহ প্রায় ৬টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে মালামালসহ দোকানগুলোতে আনুমানিক ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী বাজার- ভোর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। পরে দিঘলী বাজার জামে মসজিদের মাইকে আগুনের খবর প্রচার করা হলে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এর মধ্যে ছোট-বড় মোট ৬টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

ক্ষয়ক্ষতির বিষয়ে প্রশাসন ও স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, এখনো পুরোপুরি হিসাব নিরূপণ করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ১০-১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইউসুফ ও হোসেন মেম্বার জানান, ফজরের নামাজের পর একজন ফোন করে তাদের আগুন লাগার খবর দেন। ঘটনাস্থলে এসে তারা দেখেন, তাদের চারটিসহ মোট ছয়টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় বিএনপি নেতা গোলাম সরওয়ার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন ও আর্থিক সহায়তার জন্য স্থানীয় প্রশাসন এবং পানিসম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি-র প্রতি আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলম বলেন, ভোরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠায় এবং তিনি নিজেও পরিদর্শন করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা নেওয়া হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা