সমালোচনার মুখে থাকা যমুনা অয়েল কোম্পানি লিমিটেড অবশেষে তিন সিবিএ নেতাকে বহিষ্কার করেছে। ফৌজদারি মামলায় গ্রেপ্তার ও লাপাত্তার ঘটনায় গতকাল তাদের বহিষ্কার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন যমুনা অয়েলের উপ-মহাব্যবস্থাপক (মানব সম্পদ) মোহাম্মদ হাসান ইমাম।
বহিষ্কৃতরা হলেন— শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ এয়াকুব এবং কার্যকরী সভাপতি জয়নাল আবেদীন ওরফে টুটুল। এর মধ্যে আবুল হোসেন আট মাস এবং এয়াকুব দুই মাস ধরে কারাগারে রয়েছেন। অন্যদিকে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে জয়নাল আবেদীন লাপাত্তা ছিলেন।
এর আগে ফৌজদারি মামলায় গ্রেপ্তার হলেও তাদের বিরুদ্ধে কোনো বহিষ্কার বা বিভাগীয় ব্যবস্থা না নেওয়ায় বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী গ্রেপ্তার বা অভিযোগপত্র গৃহীত হলে সাময়িক বরখাস্তের বিধান থাকলেও দীর্ঘ সময়েও তা কার্যকর না হওয়া নিয়ে প্রশ্ন ওঠে।
গত ১২ ডিসেম্বর নগরের আগ্রাবাদ এলাকা থেকে সাধারণ সম্পাদক মোহাম্মদ এয়াকুবকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। একই সময়কার সহিংসতার মামলায় তাকেও গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। তিনি প্রায় দুই মাস ধরে কারাগারে রয়েছেন।
এয়াকুব ১৯৯৭ সালে ৯৩৫ টাকা বেতনে যমুনা অয়েলে চাকরি শুরু করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে তার বর্তমান বেতন দাঁড়ায় ৮৫ হাজার ১০০ টাকা। ২০০৯ সালে লেবার ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক এবং এক বছর পর সাধারণ সম্পাদক হন। গত দেড় দশক ধরে তিনি এই পদে ছিলেন।
দুদক সূত্রে জানা গেছে, এয়াকুবের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। প্রাথমিক তথ্যে চট্টগ্রাম ও বোয়ালখালীতে একাধিক জমি, আগ্রাবাদে যৌথ মালিকানায় জমি এবং খুলশীর দামপাড়ায় ৪ হাজার ২০০ বর্গফুটের একটি ফ্ল্যাটের তথ্য পাওয়া গেছে, যার দলিলমূল্য ১ কোটি ৭০ লাখ টাকা।