আওয়ামী লীগের শীর্ষ নেতাদের জামিনের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে অবস্থান স্পষ্ট করেন।
পোস্টে তিনি বলেন, বদি ও আইভিসহ দলটির কয়েকজন প্রভাবশালী নেতা একের পর এক জামিন পাচ্ছেন এবং তাদের দলীয় কার্যালয়ও খুলে দেওয়া হচ্ছে। তার অভিযোগ, একদিকে এসব নেতার মুক্তি মিলছে, অন্যদিকে জুলাই আন্দোলনের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা এগোচ্ছে।
তিনি আরও দাবি করেন, ‘সুরক্ষা অধ্যাদেশ’ উপেক্ষা করে কথিত পুলিশ হত্যা তদন্তের আড়ালে জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহকে আড়াল বা মুছে ফেলার চেষ্টা চলছে। যারা এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, তাদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত ভবিষ্যতে সবার জন্যই বুমেরাং হতে পারে।
পোস্টে দেশের আর্থিক খাত নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সাদিক কায়েম। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে আকস্মিক পরিবর্তনের পর সরকার-ঘনিষ্ঠদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলোকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ তোলেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, গণভোট ও জুলাই সনদের চেতনাকে উপেক্ষা করে আবারও দলীয়করণ ও রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে সুবিধা দেওয়ার সংস্কৃতি ফিরে আসছে।
সবশেষে তিনি বলেন, এ ধারা অব্যাহত থাকলে দেশ নতুন সংকটে পড়তে পারে। সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেন— অন্যথায় ইতিহাসের বিচারে কেউ দায় এড়াতে পারবে না।