বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলা-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ১২ মিনিটে তিনি আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন ঘোষণা করেন।
বিকেল ৩টা ১৬ মিনিটে প্রধানমন্ত্রী তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান-সহ আমন্ত্রিত অতিথিদের সঙ্গে ফিতা কেটে মেলার দ্বার উন্মুক্ত করেন। উদ্বোধন শেষে তিনি বাংলা একাডেমি প্রাঙ্গণের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এর আগে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন এবং তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।
কথাসাহিত্য: নাসিমা আনিস,প্রবন্ধ-গদ্য: সৈয়দ আজিজুল হক,শিশুসাহিত্য: হাসান হাফিজ,অনুবাদ: আলী আহমদ,গবেষণা: মুস্তাফা মজিদ ও ইসরাইল খান,বিজ্ঞান: ফারসীম মান্নান মোহাম্মদী,মুক্তিযুদ্ধ: মঈদুল হাসান
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা ছাড়াও মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক, বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।