প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জামিনের পর আবারও মারধরের অভিযোগ নোবেলের বিরুদ্ধে

গায়ক নোবেলের জামিন অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে আটকে রেখে হেনস্তা ও প্রায় ১৩ লাখ টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তারের পরদিন আপসের শর্তে জামিন পান ‘সা রে গা মা পা’ খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেল। তবে জামিন পাওয়ার পর তার বিরুদ্ধে ফের মারধরের অভিযোগ তুলেছেন মামলার বাদী আনাননিয়া শবনম রোজ (অনন্যা)।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে মা ও ছোট বোনকে সঙ্গে নিয়ে উপস্থিত হন অনন্যা। তিনি সাংবাদিকদের বলেন, “হাত-পা ধরে কান্নাকাটি করে জামিন নিয়েছে। বাসায় নিয়ে আবার আমাকে মারধর করেছে। আমি কেন তার বিরুদ্ধে মামলা দিলাম—এটা বলেই মারধর করেছে।”

তিনি হাতে আঘাতের দাগ দেখিয়ে দাবি করেন, জামিনের পর তাকে আবার শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে।

অনন্যার মা বিবি কুলসুম অভিযোগ করেন, “মিষ্টি কথা বলে জামিন নিয়েছে। জামিনের পর পুরো আচরণ বদলে গেছে। আবার আমার মেয়েকে মারধর করেছে।”

তিনি আরও জানান, তিন বছর আগে তাদের বিয়ে হয়, তবে মেয়ের অপ্রাপ্তবয়স্কতার কারণে বিষয়টি প্রকাশ করা হয়নি। জামিনের পর নোবেল অনন্যাকে নিজের বাসায় নিয়ে যান এবং সেখানেই মারধরের ঘটনা ঘটে বলে তাদের দাবি।

বাদীপক্ষের আইনজীবী সাজিদুল ইসলাম বলেন, বিয়ে করবে—এমন শর্তে জামিনের বিরোধিতা করা হয়নি। তবে জামিনের পর বাদীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ কারণে নোবেলের জামিন বাতিলের আবেদন করা হবে।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ আপসের শর্তে নোবেলকে ২ এপ্রিল পর্যন্ত এক হাজার টাকা বন্ডে জামিন দেন। জামিনের পর আদালত প্রাঙ্গণে নোবেল বলেন, “আমার দর্শক-শ্রোতারা আমাকে বুঝে। মানুষ মাত্রই ভুল করে।”

উল্লেখ্য, গত বছরের ১৩ আগস্ট অনন্যা নোবেলসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে বিভিন্ন সময়ে ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা হয় এবং তাকে আটকে রেখে হেনস্তা করা হয়। আদালতের নির্দেশে পিবিআই তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানায় এবং পরে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

বর্তমানে অনন্যা ও তার পরিবার নিরাপত্তাহীনতার আশঙ্কা প্রকাশ করেছেন এবং পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা