বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-র কাছে ব্যবসা পরিচালনা সহজ করার জন্য বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে সমাধানের সুপারিশমালা জমা দিতে নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ পরিচালনা পর্ষদের সৌজন্য সাক্ষাতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজিএমইএ-এর সভাপতি মাহমুদ হাসান খান-এর নেতৃত্বে সাক্ষাতে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক শাহ রাঈদ চৌধুরী, পরিচালক ফয়সাল সামাদ, পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, পরিচালক নাফিস-উদ-দৌলা, পরিচালক মজুমদার আরিফুর রহমান এবং পরিচালক ড. রশিদ আহমেদ হোসাইনী।
সাক্ষাতে আলোচিত প্রধান বিষয়গুলো ছিল: ২০২৫-২৬ অর্থবছরে বস্ত্র ও পোশাক খাতে প্রায় ৫ হাজার ৭০০ কোটি টাকার বকেয়া নগদ প্রণোদনা যা এখনও অনিষ্পন্ন, এবং দ্রুত অর্থ ছাড়ের প্রয়োজন।,লিয়েন ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের অডিট প্রক্রিয়ার জটিলতায় প্রণোদনা পাওয়া প্রতিষ্ঠানগুলো অর্থ সংকটে, যা রপ্তানি সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করছে।,তফসিলি ব্যাংকগুলো অনেক সময় ঋণ পুনঃতফসিলীকরণ করলেও কারখানাকে পর্যাপ্ত ওয়ার্কিং ক্যাপিটাল দেয় না, ফলে উৎপাদন ব্যাহত হয়।,বিজিএমইএ নেতারা কাস্টমস, বন্দর ও প্রশাসনিক স্তরে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য বিশেষ নীতি সহায়তারও অনুরোধ করেন।
অর্থমন্ত্রী এই দাবিগুলোর যৌক্তিকতা স্বীকার করে বকেয়া নগদ সহায়তা দ্রুত ছাড় এবং পুরো প্রক্রিয়াটিকে আধুনিক ও সহজতর করার আশ্বাস দেন। এছাড়া তিনি বিজিএমইএ নেতৃবৃন্দকে নির্দেশ দেন, আগামী এক সপ্তাহের মধ্যে সমস্যাসমূহ চিহ্নিত করে কার্যকর সমাধানসহ একটি পূর্ণাঙ্গ সুপারিশমালা সরকারে জমা দিতে।
বিজিএমইএ সভাপতি আশ্বাস দেন যে, তারা দ্রুততম সময়ে বাস্তবধর্মী ও সুনির্দিষ্ট সুপারিশমালা প্রস্তুত করে সরকারের কাছে পেশ করবেন, যা শিল্পের সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে।