প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কৃতি মানুষের সম্মানই রাষ্ট্রের সমৃদ্ধির পথঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

রাষ্ট্র তার প্রয়োজনেই গুণী মানুষদের সম্মানিত করে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোনো রাষ্ট্র ও সমাজে যত বেশি কৃতি ও গুণী মানুষের বিকাশ ঘটবে, সেই সমাজ তত বেশি সমৃদ্ধ ও নৈতিকভাবে আলোকিত হবে। এ কারণেই রাষ্ট্র নিজ প্রয়োজনেই জ্ঞানী-গুণীদের সম্মানিত করে।

বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ ‘একুশে পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। এর আগে সচিবালয়ে বৈঠক শেষে তিনি পায়ে হেঁটে অনুষ্ঠানে যোগ দেন এবং অনুষ্ঠান শেষে আবারও পায়ে হেঁটে সচিবালয়ে ফিরে যান। পদক প্রদান অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো একুশে পদক প্রবর্তন করেন। এটি শুধু একটি পুরস্কার নয়, বরং ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের ঐতিহাসিক ঘটনাপ্রবাহকে স্মরণ করার একটি রাষ্ট্রীয় স্বীকৃতি। একই সঙ্গে শিক্ষা, সাহিত্য, শিল্পকলা ও গবেষণায় অবদান রাখা বিশিষ্টজনদের সঙ্গে সাধারণ মানুষের পরিচয় ঘটানোর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

তিনি জানান, ১৯৭৬ সালে তিনটি বিষয়ে পুরস্কার প্রদানের মাধ্যমে ‘একুশে পদক’-এর যাত্রা শুরু হলেও বর্তমানে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, শিক্ষা, গবেষণা, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তিসহ অন্তত ১২টি ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি দেওয়া হচ্ছে—যা একটি ইতিবাচক অগ্রগতি।

জ্ঞান-বিজ্ঞান ও শিল্প-সাহিত্যের চর্চা আরও বিকশিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা, গবেষণা ও শিল্প-সাহিত্য চর্চাকে রাজনীতিকরণের প্রবণতা কখনোই সভ্য সমাজের পরিচায়ক হতে পারে না। জ্ঞান-বিজ্ঞানের সব শাখায় দেশকে এগিয়ে নিতে নৈতিক মানসম্পন্ন, উদার ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। এ যাত্রায় দেশের গুণীজনদের দিকনির্দেশনা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী।

ফেব্রুয়ারি মাসের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের প্রতীক এবং সংস্কৃতিচেতনার প্রাণস্পন্দন। এটি যেমন মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম, তেমনি অন্যায়ের বিরুদ্ধে অধিকার আদায়ের ঐতিহাসিক আন্দোলন। তাই ফেব্রুয়ারি আমাদের শেকড় ও আত্মপরিচয় খুঁজে পাওয়ার মাস।

প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতি বছরের মতো এ বছরও দেশের জ্ঞানী-গুণী কবি, সাহিত্যিক, শিল্পী ও ভাষাসংগ্রামীদের একুশে পদকে ভূষিত করা হয়েছে। তাদের কর্মময় জীবন ও অবদান জনগণের সামনে তুলে ধরা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব।

শেষে একুশে পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘ সৃজনমুখর জীবনের কামনা করেন প্রধানমন্ত্রী।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা