প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বিদেশ সফর সৌদি আরবে

পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বিদেশ সফর সৌদি আরবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) তিনি রওনা হন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, Organisation of Islamic Cooperation (ওআইসি)-এর এক জরুরি বৈঠকে অংশ নিতেই তার এ সফর। সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জেদ্দায় ওআইসি সাধারণ সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ওপেন-এন্ডেড এক্সিকিউটিভ কমিটির বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে ইসরাইলি দখলদার কর্তৃপক্ষের সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়ে আলোচনা হবে।

ওআইসি জানিয়েছে, দখলকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ, সংযুক্তিকরণ এবং ইসরাইলি সার্বভৌমত্ব আরোপের প্রচেষ্টার মতো পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক আইনের জন্য উদ্বেগজনক। সদস্যরাষ্ট্রগুলোর অবস্থান সমন্বয় এবং এসব পদক্ষেপের প্রতিক্রিয়ায় সম্ভাব্য করণীয় নির্ধারণে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্প্রতি ইসরাইল দখলকৃত পশ্চিম তীরের কিছু জমিকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ ঘোষণা করে সেখানে নতুন বসতি স্থাপনের প্রক্রিয়া শুরু করেছে। বিশ্লেষকদের মতে, এ পদক্ষেপ দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের আইনগত, রাজনৈতিক ও জনসংখ্যাগত কাঠামো পরিবর্তনের বৃহত্তর কৌশলের অংশ। এতে বহুল আলোচিত দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা আরও জটিল হয়ে উঠতে পারে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা